করোনার প্রভাবে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে রেকর্ড পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে ব্যান্ডউইথ ব্যববহার বেড়েছে ১৫৮জিবিপিএস।
৯ এপ্রিল পর্যন্ত দেশে সর্বোচ্চ রেকর্ড ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে ১৫৫৮ জিবিপিএস। সূত্রমতে বছরের শুরুতে জানুয়ারি মাসে সর্বোচ্চ ১২৭০ জিবিপিএস ব্যান্ডউইদথ ব্যবহৃত হয়েছিলো। গত ২৫ মার্চ এর পরিমাণ ছিলো ১৪০০ জিবিপিএস।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সুখবর দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
মোস্তাফা জব্বার বলেছেন,
“করোনার প্রভাবে বাংলাদেশের ব্যান্ডউইদথ ব্যবহার বেড়েছে বেশ। ব্যবহার বৃদ্ধির হারই বলে দিচ্ছে ব্যান্ডউইদথ এখন শ্বাসপ্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয়।”

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি সূত্রমতে, বর্তমানে আইটিসি থেকে ৭০০ জিবিপিএস এবং বিএসসিএল এর মাধ্যমে ১০৫০ জিবিপিএস মিলে দেশে এখন মোট বিক্রিত ব্যান্ডইউথের পরিমাণ ১৭৫০ জিবিপিএস। বিক্রিত ব্যান্ডইউথের হিসেবে এটা রেকর্ড। বিশ্লেষণে দেখা গেছে, হঠাৎ করেই আইটিসি এর ব্যান্ডইউথ বিক্রি নাটকীয় ভাবে বেড়েছে।
সূত্রমতে, সম্প্রতি করপোরেট, বহুজাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার (‘ওয়ার্ক ফ্রম হোম’) সুবিধা চালু করেছে। এই সংকটকালে মোবাইলফোন ও ওটিটি (ওভার দ্য টপ) সেবায় লোকজনের কথা বলার হারও বেড়েছে। আর এর প্রভাব পড়েছে ইন্টারনেট ব্যবহারের ওপর।